তৃণমূল কর্মীকে পিটিয়ে মারার অভিযোগে গ্রেপ্তার ২ - The News Lion

তৃণমূল কর্মীকে পিটিয়ে মারার অভিযোগে গ্রেপ্তার ২

 


দি নিউজ লায়ন;  তৃণমূল কর্মী গণেশ মালিককে পিটিয়ে মারার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিজেপির আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম সুশান্ত মালিক ও প্রসেনজিৎ মালিক। সমসপুরেই তাদের বাড়ি। রায়না থানার সমসপুর এলাকায় ঘটনাটি ঘটে। পুলিস জানিয়েছে, ভোটের ফল ঘোষণার পর রাত ১০টা নাগাদ সমসপুরের মালিকপাড়ার বাসিন্দা বকুল মালিক, চাঁদ মালিক সহ কয়েকজন পশ্চিমপাড়ার বটতলা থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। 


সুবল মালিকের বাড়ির সামনে বিজেপির লোকজন লাঠি, রড, টাঙি প্রভৃতি নিয়ে তাঁদের উপর আচমকা হামলা চালায়। মারধরে তৃণমূলের বেশ কয়েকজন জখম হন। জখমদের চিৎকার-চেঁচামেচি শুনে গণেশবাবু তাঁদের বাঁচাতে আসেন। তাঁকেও মারধর করা হয়। লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। তাঁর পা-ও ভেঙে দেওয়া হয়। আর্তনাদ শুনে আশপাশের লোকজন এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর জখম গণেশবাবুকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। 


চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার কথা জানিয়ে বকুল রায়না থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই বুধবার রাতে রায়না থানার উচিতপুর মোড় থেকে পুলিস আরো দুজনকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে তাদের ৫ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। সেই আবেদন মঞ্জুর করেন সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.